মূল্য ছাড়ের বড় আসর বাণিজ্য মেলা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:২৭

মূল্য ছাড়ের বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা লাখ লাখ ক্রেতা-দর্শনার্থীর কাছে পণ্য বিক্রি ও প্রচার করার সবচেয়ে বড় প্লাটফর্ম— এমটাই মনে করেন ব্যবসায়ীরা। এ জন্য প্রতিবছর বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে অধীর আগ্রহে থাকেন দেশি ও বিদেশি বিভিন্ন নামি-দামি প্রতিষ্ঠান। অন্যদিকে ক্রেতারাও এক জায়গায় হাতের নাগালে পেয়ে যান পছন্দের পণ্য। মার্কেটে সচরাচর যেসব জিনিস পাওয়া যায় না, বাণিজ্য মেলার কল্যাণে দেশি-বিদেশি নানা পণ্য কিনতে পারেন ক্রেতারা। এ জন্য প্রতিবছর এ মেলাকে ঘিরে ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়।

মেলায় একই রকম পণ্যের একাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পণ্য বেচাবিক্রি, প্রচার-প্রচারণাকে ঘিরে এ সব প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলে নীরব প্রতিযোগিতা। কে কার চেয়ে বেশি বিক্রি করতে পারবে— এ জন্য নানা কৌশল ব্যবহার করেন ব্যবসায়ীরা। এ জন্য মেলা উপলক্ষে বিক্রয়কর্মীও নিয়োগ করেন তারা। দর্শনার্থী আকৃষ্ট করার কৌশলও শিখে নেন বিক্রয়কর্মীরা। ক্রেতা-দর্শনার্থী দেখা মাত্রই পণ্য এবং এর গুণাগুণ তুলে ধরেন তারা। তুলে ধরেন মূল্য ছাড়ের অফারগুলো।

মেলার নীতিমালা অনুযায়ী, শুধু উত্পাদকরা ও বিদেশি কোম্পানির দেশীয় এজেন্টরা অংশ নিতে পারেন। সে কারণে প্রতিষ্ঠানগুলো তাদের প্রায় সব পণ্যই পাইকারি দামে বিক্রি করেন। পাশাপাশি ক্রেতা আকৃষ্ট করতে বাইরের শোরুমের চেয়ে মেলার শোরুমে পণ্যগুলোতেও মূল্য ছাড় থাকে। বিক্রেতাদের যুক্তি হলো, এতে একদিকে ক্রেতার কাছে তার পণ্য জনপ্রিয় হয়, অন্যদিকে একসাথে বেশি পণ্য বিক্রি হয়। কারণ বাণিজ্য মেলাকে বেশির ভাগ মানুষ মনে করে মূল্য ছাড়ের মেলা। ফলে ভোক্তাদের কথা চিন্তা করে কোম্পানিগুলো মূল্য ছাড় কিংবা উপহারের কোনো না কোনো ব্যবস্থা রাখে।

প্রতিবছরের মতো এবারের মেলায় ঘুরে দেখা যায়, পণ্যভেদে ৫ থেকে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। আছে লটারি কিংবা উপহারের ব্যবস্থাও। অনেক কোম্পানি মেলা থেকে পণ্য কিনলে ঢাকার মধ্যে নিজ খরচে ভোক্তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। গৃহস্থালী সামগ্রী, প্যাকেটজাত খাদ্য, পোশাকে বেশি মূল্যছাড় পাওয়া যাচ্ছে মেলায়। নারী ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন এ সব পণ্য ক্রয় করার জন্য।

গতকাল শনিবার মেলা ফেরত ক্রেতাদের হাতে খাবার পণ্য, প্রসাধনীর প্যাকেটের পাশাপাশি দেখা গেছে হাঁড়ি-পাতিল-চুলা থেকে শুরু করে রান্নাঘরের আধুনিক সব সরঞ্জাম। ছুটির দিন থাকায় স্টল ও প্যাভিলিয়নগুলোতে বেচাবিক্রির চিত্রও ছিল চোখে পড়ার মতো। ক্রেতা-দর্শনার্থীদের অন্যতম আগ্রহের পণ্যের মধ্যে ছিল প্রেসার কুকার, রাইস কুকার, ইন্ডাকশন চুলা, ননস্টিক ফ্রাইপ্যানসহ গৃহস্থালি দেশ-বিদেশি নানা সামগ্রী।

দুই হাত ভর্তি পণ্য নিয়ে মেলা থেকে বের হতে দেখা গেছে সাভার থেকে মেলায় আসা সালমা রহমানকে। তার সাথে কথা হলে তিনি জানান, ৩৩ হাজার টাকার পণ্য, মাত্র সাড়ে ২৪ হাজার টাকায় কেনায় আনন্দিত তিনি। আসবাবপত্রের প্যাভিলিয়নগুলোতে চলছে নগদ মূল্য ছাড়। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানগুলো দিচ্ছে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। রয়েছে রাজধানীর মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা। মেলা চলাকালীন প্রতিষ্ঠানগুলোর শো-রুম থেকেও একই ছাড়ে পণ্য কেনা যাবে বলে জানান বিক্রেতারা।