সংসদে সংরক্ষিত নারী আসন
ইত্তেফাক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। ওইদিন সকাল ১০টা থেকে মনোনয়ন প্রত্যাশীরা ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। গতকাল শনিবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে মনোনয়ন ফরম বিতরণের শেষ সময় এখনো জানানো হয়নি।
জানা গেছে, নতুন মন্ত্রিসভার মতোই একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনেও নতুন মুখের চমক উপহার দেবে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগ। দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের অনেককে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হবে সংসদ নেতা শেখ হাসিনার গুডবুকে থাকা নেত্রীদের। এর মধ্যে রয়েছে জেলা কোটা, ওয়ান ইলেভেন ও ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারী নেত্রীসহ দলের দুর্দিনে হাল ধরা তৃণমূলের ত্যাগী নেত্রীরা। দশম সংসদের সংরক্ষিত নারী সদস্যদের অনেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাদের কাউকেই আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়নি। তাই এখন তারা সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়ন পেতে জোর তদবির শুরু করেছেন।
