শ্রীলঙ্কান সেনাবাহিনীতে যোগ দিলেন থিসারা ও চান্দিমাল

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২০:৫৮

শ্রীলঙ্কার জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার এবার দেশটির সেনাবাহিনীতে সম্মান সূচক পদে যোগ দিলেন। থিসারা পেরেরা এবং দিনেশ চান্দিমাল সেনাবাহিনীর 'মেজর' হয়ে গেলেন। আর্মি কমান্ডার অফিসে শুক্রবার ( ৯ অক্টোবর) সকালে তাদের মেজরের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ব্যাজ পরিয়ে দুই ক্রিকেটারকে অভিনন্দন জানান ডিফেন্স স্টাফ প্রধান ও আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভা। 

চিরচেনা শ্রীলঙ্কার জার্সিতে নয়, এবার সামরিক বাহিনীর পোশাকে দেখা মিললো লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা এবং দীনেশ চান্দিমালের। মেজর হিসেবে শ্রীলঙ্কার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দেশটির এই দুই ক্রিকেটার। সামরিক দিবসের (১০ অক্টোবর) আগে এই সম্মানে ভূষিত হন লঙ্কান দুই অভিজ্ঞ খেলোয়াড়।

মেজর পদে নিযুক্ত থিসারা পেরেরা এর আগেও গাজাবা রেজিমেন্টের সাথে কাজ করেছেন। অন্যদিকে লঙ্কার হয়ে প্রথম দিবা-রাত্রির টেস্টে নেতৃত্ব দেয়া চান্দিমালকে নিযুক্ত করা হয়েছে শ্রীলঙ্কা আর্মি অর্ডন্যান্স কর্পস (এসএলএওসি) রেজিমেন্টে।

শ্রীলঙ্কার সেনাবাহিনীতে সম্মানসূচক মেজর পদের অধিকারী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন থিসারা ও চান্দিমাল দুইজনই।  এক টুইট বার্তায় থিসারা বলেন, 'দেশ আমার কাছে সবসময় সবার আগে, সবসময় তাই থাকবে। সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক দলে নিয়োগ পেলাম।' চান্দিমাল তার টুইটে লিখেছেন, ‘সত্যিই অনেক সম্মান ও গর্বের মুহূর্ত। আনুষ্ঠানিকভাবে আজ থেকে আর্মি ভলান্টিয়ার ফোর্সে নিযুক্ত হলাম।' 

শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান চান্দিমাল খেলেছেন ৫৭টি টেস্ট, ১৪৬টি ওয়ানডে এবং ৫৪ টি-টোয়েন্টি। 

ইত্তেফাক/এসআই