ইত্তেফাক রিপোর্ট
‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ শ্লোগানে দেশজুড়ে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপল্স থিয়েটার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ রবিবার সারাদেশে জেলা শিল্পকলা একাডেমি এবং পিপল্স থিয়েটার এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচশতাধিক শিশুর অংশগ্রহণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সকাল ৯টায় কর্মসূচির উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক ও পিপল্স থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কার্যক্রমের সূচনা করা হবে। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু হবে।
উদীচী’র রণেশ দাশগুপ্ত
গ্রন্থপাঠ প্রতিযোগিতা
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, সাংবাদিক-সাহিত্যিক-প্রাবন্ধিক-লেখক রণেশ দাশগুপ্ত-এর জন্মবার্ষিকী উপলক্ষে উদীচী’র আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “রণেশ দাশগুপ্ত গ্রন্থপাঠ প্রতিযোগিতা”। গতকাল শনিবার বিকালে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, রংপুরসহ দেশের বেশিরভাগ জেলায় এ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা। চারটি আলাদা বিভাগে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। বিভাগগুলো হলো- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, নবম ও দশম শ্রেণি, একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং সবার জন্য উন্মুক্ত। চারটি আলাদা আলাদা বিভাগে চারটি নির্দিষ্ট বই পাঠ নিয়ে আয়োজিত হয় এ প্রতিযোগিতা।
আব্দুর রহিম আন্তর্জাতিক কালিদাস
অ্যাওয়ার্ডে ভূষিত
শিশু সংগঠক আব্দুর রহিম আন্তর্জাতিক কালিদাস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সম্প্রতি আসাম রাজ্যের বাকসা জেলার গড়েশ্বর কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত অল ইন্ডিয়া বহুজাতিক ভাষাভাষিক নাটক, নাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। আব্দুর রহিম পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের প্রতিষ্ঠাতা।
