চাঁদা না পেয়ে ট্রাক চালকের হাত ভেঙে দিল এসআই!

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর তুরাগ থানার পুলিশের এক এসআই ৫শ’ টাকা না দেওয়ায় ট্রাক চালক বাদল মিয়াকে (৩৫) পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহত ট্রাক চালক বাদলকে তার সহকর্মীরা উদ্ধার করে উত্তরা ১২ নম্বর সেক্টরে কার্ডিওকেয়ার হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাতে তুরাগের বটতলা এলাকায় বালুভর্তি একটি ট্রাকে এ ঘটনা ঘটে।

আহত ট্রাক চালক মো:বাদল মিয়া ও ট্রাক শ্রমিকরা জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে মিরপুর গরান চটবাড়ি বেড়িবাঁধ এলাকা থেকে বালু ভর্তি একটি ট্রাক তুরাগের বটতলা এলাকা দিয়ে উত্তরা ট্রাক স্ট্যান্ডে আসছিল। তুরাগের বটতলা আসার পর তুরাগ থানার এসআই মো:সজল মিয়া ট্রাকটি থামার জন্য সংকেত দেন। তখন ট্রাক চালক বাদল মিয়া তার ট্রাকটি রাস্তার পাশে থামান। অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগ এনে এসআই সজল ট্রাক চালকের কাছে ৫শ’ টাকা দাবি করেন। এসময় ট্রাক চালক পুলিশ সদস্যকে চা খাওয়ার জন্য ৫০ টাকা দেন। এতে এসআই সজল উত্তেজিত হয়ে বলেন, ‘৫০ টাকার জন্য রাতে পুলিশ কাজ করে না। ৫শ’ টাকা না দিলে ট্রাক আটক করা হবে।’ ট্রাক চালক টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে এসআই সজল ট্রাক চালকে ট্রাক থেকে জোরপূর্বক নামিয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে পেটাতে থাকেন। এসময় পুলিশ সদস্য চালকের পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় ট্রাকের দুই জন হেলপার বাধা দেন। ওই সময় রাস্তায় বেশ কয়েকটি ট্রাক থেমে যায়। ওইসব ট্রাকের চালকরা এসে বাদলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাক চালকদের একটি প্রতিনিধি দল গতকাল সন্ধ্যায় তুরাগ থানার ওসি মো: নুরুল মোত্তাকিনের সঙ্গে দেখা করেন। তুরাগ থানার ওসি মো: নুরুল মোত্তাকিন বলেন, ট্রাক চালকরা বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি তাদেরকে থানায় ডেকেছি। তাদের অভিযোগ শুনেছি। দেখা যাক কি ব্যবস্থা নেওয়া যায়। উত্তরা-তুরাগ ট্রাক ও কাভার্ডভ্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: রানা আহমেদ জানান, তুরাগ থানার ওসির কাছে আমরা অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে একটি মামলাও করা হবে।