কানাডায় জাস্টিন ট্রুডোর সরকারের অভিবাসীবান্ধব উদার নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন প্রতিদিন প্লেন ভরে সে দেশে অভিবাসী যাচ্ছে। এদের অধিকাংশই ভারতীয়। জাস্টিন ট্রুডোর মন্ত্রীসভায় ৩-৪ জন ভারতীয় বংশোদ্ভুত মন্ত্রী রয়েছেন। যা হোক, কানাডায় বিপুল কর্মীর চাহিদা রয়েছে। কানাডায় অভিবাসনের সুবর্ণ সুযোগ আসা সত্ত্বেও বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো তত্পরতা লক্ষ করা যাচ্ছে না। তারা সৌদিআরবে কাজের বুয়া বা মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতেই বেশি ব্যস্ত। পশ্চিমে আমাদের শিক্ষিত বেকার যুবদের কাজের সংস্থান করার বিষয়ে তাদের কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। আর যে সব বাংলাদেশি কানাডায় আছেন, তাঁরাও চান না বাংলাদেশিরা সেখানে যাক। তাদের মধ্যে একটা পরশ্রীকাতরতা কাজ করে। কানাডায় অভিবাসনের এ সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে দেশের বেকার যুব ও কৃষি-কর্মীদের সরকারি সহায়তায় কানাডায় প্রেরণের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এ খাতে সরকারের অর্থ বিনিয়োগ দেশের জন্য সুদূরপ্রসারী ফল বয়ে আনবে।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা
