পেনশন বৈষম্য

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:৩২

জুলাই ১৫ থেকে জুন ১৭-এর মধ্যে সপ্তম গ্রেডের শেষ প্রান্তে এসে যে কর্মকর্তা  অবসরে গেছেন, আজ তিনি পেনশন পাচ্ছেন ৩১,৪৫৯ টাকা। জুলাই ১৭ থেকে জুন ১৮-এর মধ্যে তিনি অবসরে গেলে পাচ্ছেন ২৯,৯৬১ টাকা। জুলাই ১৮ থেকে জুন ১৯-র মধ্যে অবসরে গেলে পাবেন ২৮,৫৩৪ টাকা। এটাই স্বাভাবিক। যিনি যত আগে চাকরিতে ঢোকেন তিনি তত বেশি বেতন পান। পেনশনের ক্ষেত্রেও তাই হওয়া উচিত। কিন্তু এতকাল হয়ে এসেছে উল্টোটা। সপ্তম গ্রেডের শেষ প্রান্তে এসে ২০০৯-১৫ সময়ে অবসর নিয়ে এখন পেনশন পান ১৪,৬৭২ টাকা। ু২০০৫-২০০৯ সময়ে অবসর নিয়ে পাচ্ছেন ১৩,০০৩.২০ টাকা, ১৯৯৭-০৫ সময়ে হলে ১০,৯৬৮.৭৫ টাকা। এভাবে ৯১-৯৭ সময়ে ৭,৩১২.৫০ টাকা, ৮৫-৯১ সময়ে ৪০৫০ টাকা। আর কেউ যদি ৭৭-৮৫ সময়ে অবসর নিয়ে এখনো তিনি অথবা তাঁর স্ত্রী জীবিত থেকে থাকেন তাহলে পেনশন পাচ্ছেন মাত্র ২,০২৫ (ন্যূনতম ৩,০০০) টাকা। দেখুন বৈষম্য কাকে বলে। আমি পেনশন বৈষম্য নিয়ে আগেও লিখেছি। কিন্তু অবসরপ্রাপ্তদের নিয়ে কারো কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। দেশে উন্নয়নের জোয়ার বইছে, ধনী আরো ধনী হচ্ছে। চাকরিজীবীদের গাড়িভাতা, বাড়ি-ঋণ হচ্ছে। হচ্ছে না শুধু মৃত্যুপথযাত্রী অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বৃদ্ধি। তবে ন্যূনতম পেনশন ৩,০০০ টাকা হয়েছে।  এটাই বা কম কী?

ওয়াহিদুল ইসলাম আখন্দ

অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক,

অগ্রণী ব্যাংক, সেনপাড়া-পর্বতা,

ঢাকা