‘অ্যাই! টাকা দে।’ ট্রেনের ঝিকঝিক আর ইঞ্জিনের হুইশেলের মতো রেলপথের যাত্রীদের এটি চিরচেনা বাক্য। রাস্তাঘাট-বাস-ট্রেনে হিজড়াদের টাকা তোলা নতুন কিছু নয়। কিন্তু এই টাকা তোলা বর্তমানে চাঁদাবাজিতে পরিণত হয়েছে। গত শুক্রবার আমি রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে কপোতাক্ষ ট্রেনে ভ্রমণ করি। যাত্রাপথে ট্রেনের বগিতে হিজড়াদের টাকা চাওয়া শুরু হয়। কেউ টাকা দিতে অপারগতা জানালে নানারকম অশ্লীল অঙ্গভঙ্গি আর বাবা-মা উল্লেখপূর্বক কুরুচিশীল কথা বললেও বগির গার্ড ও পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে ছিলেন। ট্রেনের বগির ভেতরে এইরূপ জোরপূর্বক টাকা আদায়ের অনুমতি কি রেল কর্তৃপক্ষ তাদের দিয়েছেন? যদি তা না হয়, তবে রেলযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আখতার হোসেন আজাদ
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
