সরকার ধর্ষণের ঘটনা বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর ------------------- তথ্যমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:৪৪

চট্টগ্রাম অফিস

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার অতীতে ধর্ষণের ঘটনার বিচার করে শাস্তি দিয়েছে। এখনো যেগুলো ঘটছে সেগুলো বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। গতকাল শনিবার সকালে সার্কিট হাউজে বাংলাদেশ বেতার আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২১ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন এবং সম্প্রচার আইন হলে গণমাধ্যমকর্মীদের বেতন কাঠামো থেকে শুরু করে সব কিছু সুরক্ষিত হবে। তবে আইন পাশ করা কোনো মন্ত্রণালয়ের একক বিষয় নয়। আইন পাশের সঙ্গে মন্ত্রিসভা, আইন মন্ত্রণালয়, সংসদ, সংসদীয় কমিটি যুক্ত। যেহেতু তথ্য মন্ত্রণালয়ের একক দায়িত্বে এটি করা সম্ভব নয়, সুতরাং এটি নিয়ে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া সম্ভব নয়। তবে এটি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা যখন কথা বলেন তখন ভুলে যান—তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কী করেছেন। ফখরুল সাহেবরা যখন ক্ষমতায় ছিলেন, দলগতভাবে বিভিন্ন অপকর্ম করতেন। নৌকায় ভোট দেওয়ার অপরাধে আট বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলা এবং ষাট বছর বয়স্ক মহিলাও বাদ যায়নি বিএনপি কর্মীদের লেলিয়ে দেওয়া বাহিনীর হাত থেকে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক এস এম আবুল হোসেন প্রমুখ।