ইত্তেফাক রিপোর্ট
ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটে (ডিবিআই) আন্তর্জাতিক সার্টিফিকেট, এডভান্সড সার্টিফিকেট ও ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর, ঊর্ধ্বতন সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী ও ডিবিআই এর নির্বাহী পরিচালক মো. জয়নাল আব্দীন উপস্থিত ছিলেন।
ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দেশের অন্যতম বৃহত্, সক্রিয় এবং আইএসও-৯০০১ সার্টিফাইড চেম্বার। তিনি জানান, ডিবিআইকে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিবিআই এর স্থায়ী ক্যাম্পাস তৈরির জন্য সরকার হতে পূর্বাচলে ১ বিঘা জমি বরাদ্দ করা হয়েছে, তবে আমরা ১ একর পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। তিনি কোর্সটির ২৫তম ব্যাচের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে ডিসিসিআই এর ঊর্ধ্বতন সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী চালু করতে যাওয়া নতুন ৬টি অনুষদ, ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট, কাস্টমস্ এন্ড ভ্যাট ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড (ইমপোর্ট এন্ড এক্সপোর্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট এবং এইচ আর এম এর বিষয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের সহযোগিতা কামনা করেন।
