দুইটি ছাড়া কোনো নির্বাচনে ঝামেলা হয়নি :ইসি সচিব

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০০:০২

দুটি ছাড়া আর কোনো নির্বাচনে ঝামেলা হয়নি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে সহিংসতায় একজন মারা গেছেন। আর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে রাতে ব্যালট পেপারে সিল মারায় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আর কোনো জায়গায় নির্বাচনি ঝামেলার খবর পাইনি। শনিবার দেশের ৮৩টি স্থানে ভোটগ্রহণ শেষ হওয়ার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ইসি জানিয়েছে, শনিবার সাতটি পৌরসভা, ৭৩টি ইউনিয়ন পরিষদ, একটি উপজেলা, কুষ্টিয়া জেলার একটি ওয়ার্ড ও ঢাকা দক্ষিণ সিটির ৪৪ নম্বর ওয়ার্ডে ভোট হয়। চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে সহিংসতায় একজন মারা গেছে। চরভদ্রাসন উপজেলার একটি কেন্দ্রে রাতে ৪০০ ব্যালটে সিল মারার ঘটনায় ঐ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বিঞ্চু কুমার চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছে ইসি। তাকে আটক করেছে পুলিশ। যদিও ঐ প্রিজাইডিং কর্মকর্তা দাবি করেছেন, রাতে কতিপয় দুষ্কৃতকারী তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ৪০০ ব্যালট পেপারে সিল মেরেছে।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন, ভোটগ্রহণের আগে সব কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যালট চেক করা হয়েছে। এ সময় ঐ কেন্দ্রের ব্যালটে সিল মারা অবস্থায় পাওয়ায় তাকে আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেট যাওয়ার আগে সিল মারার ঐ ঘটনা ইসিকে জানাননি ঐ প্রিজাইডিং কর্মকর্তা। চাঁদপুরে সহিংসতায় একজনের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ভোটকেন্দ্রের বাইরে অন্তঃকোন্দলের কারণে এ সহিংসতা হয়েছে। এর বাইরে অন্য সবকটি নির্বাচন ভালো হয়েছে বলেও দাবি করেন তিনি।