ইত্তেফাক রিপোর্ট
দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত্ ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২০ পাচ্ছেন চিত্রনায়ক আলমগীর এবং চলচ্চিত্র সাংবাদিকতায় শামীম আলম দীপেন। তবে চিত্রনায়ক আলমগীর অভিনয়ে নয় এ পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে। আর শামীম আলম দীপেন পাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকতায়। ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চ্যানেল আই স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২০ প্রদান করা হবে। এ পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট। প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এ পুরস্কার প্রবর্তন করেন ফজলুল হকের স্ত্রী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। ফজলুল হক ছিলেন প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্টে’র পরিচালক।
