যাত্রা শুরু হলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ গ্লোবাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। যুক্তরাষ্ট্র থেকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত সংগঠনটির বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা চ্যাপ্টারের ভার্চুয়াল অংশগ্রহণে সংগঠনটির শুভ উদ্বোধন হয়েছে ১০ অক্টোবর।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত শের-ই বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিচালিত এ সংগঠনটি চিকিৎসা শিক্ষা, সংক্রামক ও অসংক্রামক রোগ সংক্রান্ত গবেষণা, শেবাচিম এবং বাংলাদেশি চিকিৎসকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের জন্য গড়ে তোলার পরিকল্পনা নিয়ে পদযাত্রা শুরু করলো।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, জর্জটাউন ইউনিভার্সিটি হসপিটাল এবং ওয়াশিংটন ডিসির নিউরোপ্যাথলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডা. গোলাম আশেক খান অপু জানান, ইতিমধ্যে তারা বাংলাদেশে ডায়াবেটিস সংক্রান্ত একটি প্রজেক্টের কাজ শুরু করেছেন। আগামী শিক্ষা বছর থেকে তারা শেবাচিম-এ মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য এসজিডব্লিউ স্কলারশিপ প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সংগঠনটির মহাসচিব এ কে এম শহিদুল ইসলাম কিশোর জানান, যুক্তরাষ্ট্র থেকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত এই সংগঠনটি বাংলাদেশ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং কানাডা চ্যাপ্টারের মাধ্যমে তাদের সম্পূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করবে।
‘যেখানে আশার শুরু’ স্লোগানের মাধ্যমে যাত্রা শুরু করা এই সংগঠনটি বিশ্বব্যাপী শেবাচিম তথা বাংলাদেশি চিকিৎসকদের জন্য একটি সহযোগতিামূলক সংগঠন হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচডি
