বক্তব্য প্রত্যাহার করে আহমদ শফীকে ক্ষমা চাওয়ার আহ্বান

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:৫০

মেয়েদের স্কুল কলেজে না পড়ানোর জন্য হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহম্মদ শফী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। তারা আহমদ শফীকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

গতকাল শনিবার সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন: পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায়ও এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন তারেক আলী বলেন, সমাজ প্রগতির অগ্রযাত্রা বিরোধী হেফাজতে ইসলামের আমির আহম্মদ শফীকে নারী শিক্ষা বিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। এ ধরনের বক্তব্য সবারই প্রত্যাখ্যান করা উচিত বলে তিনি উল্লেখ করেন। সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক ড. আজিজুর রহমান, এডভোকেট এসএমএ সবুর, অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।

সভায় বলা হয়, দেশের অগ্রযাত্রা উন্নয়ন ও সম্প্রীতির ধারা বজায় রাখতে ৩০ ডিসেম্বর  অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গুরুত্বপূণ্য ভূমিকা রাখবে। নির্বাচন পরবর্তী বিভিন্ন এলাকায় নারী-শিশু নির্যাতনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে বের হচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করা হয়। জিয়াউদ্দিন তারেক আলী আরো বলেন, যুব সমাজ মাদক ও সন্ত্রাস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, মাফিয়া বেষ্টিত অর্থনীতির হাত থেকে দেশকে বাঁচাতে নবনির্বাচিত সরকার দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা নিবে বলে আমরা আশা করি।

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, এবারে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দেশবাসী তীব্রভাবে অনুভব করে আসছিলো। নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে নানান ধরনের শঙ্কা থাকলেও সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচন দেশ-বিদেশে প্রসশিত হওয়ায় দেশবাসী স্বস্তির নি:শ্বাস ফেলেছে। তিনিও আহমদ শফীর বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান।

এদিকে, আহমদ শফীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  জাতীয় নারী জোট। জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলে, ‘ হেফাজত আমীরের নারী শিক্ষাবিরোধী বক্তব্য সংবিধান বিরোধী, মৌলিক অধিকার বিরোধী, মানবাধিকার বিরোধী, নারী অধিকার বিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। এমনকি ইসলামবিরোধী। ইসলামে  কোথাও নারী শিক্ষার বিরুদ্ধে কোনো কথা নেই।  তিনি অপব্যাখ্যা করে মনগড়া ফতোয়া দিয়ে দেশ ও সমাজকে আলো থেকে অন্ধকারে নিতে চান।’ নারী শিক্ষা বিরোধী ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য সকল গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানান তিনি।  এছাড়া সমাজতান্ত্রিক মহিলা ফোরামও একই দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে।