সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই বিমানবন্দরে প্রায় ১২৫ যাত্রী আটকা পড়েছিলেন। জানা যায়, গত শুক্রবার রাতে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে করে তারা ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই যান। বিমানযাত্রীদের জন্য আমিরাত সরকারের বেঁধে দেওয়া নিয়মের শতভাগ শর্ত পূরণ না হওয়ায় তাদের বিমানবন্দরে আটকে দেওয়া হয়। আটক যাত্রীদের বিমানবন্দরেই কেটে গেছে শুক্রবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত।
এ বিষয়ে মুহাম্মদ আলমগীর নামে এক যাত্রী জানান, আমি ৮৫ হাজার টাকা এবং অনেকে ১ লাখ টাকার বেশি দিয়ে ফ্লাই দুবাইর টিকিট নিয়েছি। টিকিট নেওয়ার সময় আমাদের আমিরাত প্রবেশে কোনো সমস্যা হবে না জানিয়েছিল, যে কারণে আমরা রেড সিগন্যাল থাকার পরও আমিরাতে গিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘আটকে পড়া যাত্রীদের মধ্যে বিভিন্নভাবে ১৮ জনকে বিমানবন্দর থেকে বের করা হয়েছে। আমিরাত সরকারের নতুন নিয়ম সম্পর্কে না জানার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমিরাতের আইসিএ অনুমোদন না থাকায় দুবাই বিমানবন্দর থেকে ১০৭ জনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
