বরগুনার গরুচোর চক্রের চার সদস্যকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাতে এদের গ্রেফতার করা হয়। সোমবার (১২ অক্টোবর) গ্রেফতারকৃত চারজনকে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, বরগুনায় একটি গরু চোর চক্র দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে জেলার আমতলী উপজেলার ঘটখালী গ্রামের খলিলুর রহমান হাওলাদারের তিনটি গরু ওই চোর চক্র চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে গরুর মালিক খলিলুর রহমান আমতলী থানায় গরু চুরির বিষয়ে একটি অভিযোগ দেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কাউনিয়া থানার পূর্ব হরিনগর গ্রামের জাকির সিকদারের বাড়ীতে অভিযান চালায়। ওই সময় জাকিরের বাড়ী থেকে তিনটি গরু উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়। চোর চক্রের সদস্য জাকিরের তথ্যমতে বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মো: মজিবুর রহমান, আল-আমিন ও সেলিমকে গ্রেফতার করে পুলিশ।
আরো পড়ুনঃ ‘নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে’
পুলিশ গ্রেফতারকৃত চার চোরকে সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক মো: সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মো: শাহ আলম হাওলাদার বলেন, চোর চক্রের চার সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
ইত্তেফাক/এমএএম
