বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার বিকালে মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, একই থানার সদস্য নাজিম উদ্দিন দেওয়ান ও আমজাদ হোসেন। আরো আছেন দক্ষিণ খান থানার ৫০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ।
উত্তরা পূর্ব থানার বহিষ্কৃত নেতারা হলেন- বিএনপির যুগ্ম-সম্পাদক এম এ হান্নান মিলন, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, দফতর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ ও উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
১০ অক্টোবর বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজধানীর উত্তরার বাসার সামনে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন করেন।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এসএম জাহাঙ্গীরের মনোনয়ন বাতিলের দাবিতে এই বিক্ষোভ হয়।
এক পর্যায়ে কিছু নেতা-কর্মী বিএনপি মহাসচিবের বাসা লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করেন। এতে বাসার বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।
ইত্তেফাক/জেডএইচ
