শেয়ারবাজারে টানা বড় দরপতন

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে বড় দরপতন হলো। গতকাল লেনদেনের প্রথম আধাঘণ্টায় শেয়ারবাজারে পতনের আভাস পাওয়া যায়। একের পর এক প্রতিষ্ঠানের দরপতনের কারণে প্রথম ঘণ্টায়ই সূচকের বড় পতন হয়। লেনদেনের শেষ পর্যন্ত পতনের এ ধারা অব্যাহত থাকে।

এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৫৮ পয়েন্ট কমে। ফলে দুই দিনের টানা পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১০৬ পয়েন্ট।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক দুই পয়েন্ট কমে ১ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের এই পতনের দিন ডিএসইতে অংশ নেওয়া ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২৩৮টি এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৭৫ কোটি ১০ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮০ কোটি ৬১ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইস্টল্যান্ড ইনসিওরেন্সের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইনসিওরেন্সের ১৯ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৩৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, কন্টিনেন্টাল ইনসিওরেন্স, বেক্সিমকো ফার্মা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, বিডি ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি এবং রূপালী ইনসিওরেন্স।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৩৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৪টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।