গার্মেন্টস ভাঙচুর রাজনৈতিক ইন্ধন আছে :র্যাব

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০০:২৬

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগে ৫ শ্রমিককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন— শামীম (২৪), রোমান (২৭), আলমগীর হোসেন (২৪), আবু সাঈদ (৩২) ও সোহেল সরকার (২৪)। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, তারা একটি গোষ্ঠীর মদদে পোশাক শিল্পে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গার্মেন্টসের মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের আন্দোলনের সময় গত ৯ জানুয়ারি টঙ্গীতে প্যাট্রিয়ট, জিন্স অ্যান্ড পোলো, গোল্ড স্টার, র্যাডিসান-১, সুমি, নর্দানসহ ৯টি গার্মেন্টস কারখানা ভাঙচুর হয়। গ্রেফতারকৃতরা কোনো কিছু না বুঝেই এই ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা ভাঙচুরের আগে একটি রাজনৈতিক গোষ্ঠীর কয়েকজন ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। শ্রমিক আন্দোলনের সময় তাদেরকে মিশে গিয়ে গার্মেন্টেসগুলোতে ভাঙচুর চালানোর নির্দেশ দেওয়া হয়। শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। ঘটনার পর ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে র্যাব। পরে তাদের মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করে এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়।

তবে ওই রাজনৈতিক গোষ্ঠীটির পরিচয় জানতে চাইলে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, তদন্তের স্বার্থে এখনই কারো নাম প্রকাশ করা হচ্ছে না।