বৈশ্বিক সন্ত্রাস দমন সূচকে বাংলাদেশের চার ধাপ অগ্রগতি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০০:২৭

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ চার ধাপ এগিয়েছে। সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অবস্থা আগের চেয়ে খারাপ হলেও বাংলাদেশ উন্নতি করেছে। সন্ত্রাসী কর্মকান্ডের বিবেচনায় বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ২১। ২০১৮ সালে চার ধাপ এগিয়ে হয়েছে ২৫তম।

ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস-এর তৈরি এ সূচকে এ বছর বাংলাদেশের স্কোর হয়েছে ৫ দশমিক ৬৯৭ যা ২০১৭ সালে ছিল ৬ দশমিক ১৮১। দক্ষিণ এশিয়ার যে চারটি দেশে সন্ত্রাসবাদ কমেছে এবং সার্বিক নিরাপত্তার উন্নতি হয়েছে তার অন্যতম বাংলাদেশ। এ অঞ্চলের অপর তিন দেশ হচ্ছে— ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা। সূচকে সবচেয়ে খারাপ অবস্থা ইরাকের। দেশটি ৯ দশমিক ৭৪৬ স্কোর নিয়ে সন্ত্রাসকবলিত দেশ হিসেবে প্রথম স্থানে। তালিকায় দ্বিতীয় আফগানিস্তান, তৃতীয় নাইজেরিয়া এবং চতুর্থ ও পঞ্চম যথাক্রমে সিরিয়া ও পাকিস্তান। সন্ত্রাসে সেরা ওই পাঁচ রাষ্ট্রের কারও অবস্থানেই কোনো পরিবর্তন হয়নি এক বছরেও। অর্থাত্ দেশগুলো সন্ত্রাস দমনে কোনো উদ্যোগই নেয়নি বা নিলেও তাতে সন্ত্রাসবাদ হ্রাসে কোনো ফল আসেনি। সন্ত্রাসে সেরা ১০ দেশের যে গ্লোবাল ইনডেক্স তৈরি করেছে ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস (আইইপি) এবারও তাতে নাম রয়েছে ভারতের। দেশটির অবস্থান গত বছরের তুলনায় এক ধাপ নিচে নেমে এবার সপ্তম স্থানে।