দিনাজপুরের ঘোড়াঘাটে অব্যাহত আছে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এমন একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত অভিযোগ দাখিল করেন উপজেলার শেখালীপাড়া গ্রামের আ. কাদের মীরসহ ১২ জন ভুক্তভোগী।
অভিযুক্তরা হলেন- উপজেলার শেখালীপাড়া গ্রামের আ. সাত্তারের তিন ছেলে লেবু, সাহেব, সাবু মিয়া ও একই উপজেলার বারপাইকের গড় গ্রামের আনার খলিফার ছেলে আ. রউফ ভান্ডারী।
অভিযোগকারীদের দাবি, অবৈধ এ বালু উত্তোলনে প্রায় ১০ একর কৃষি জমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাধা দিলে দেওয়া হচ্ছে নানা রকম হুমকি। তারা দ্রুত এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগে জানা যায়, সম্প্রতি ইউএনও ওয়াহিদা খানমের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাইপ, ড্রেজার মেশিন ধ্বংস করলে কিছুদিন বন্ধ থাকার পর ফের উপজেলার শালিকাদহ, নুনদহ ঘাট, ভেলামারী, শেখালীপাড়া ও জয়রামপুর, নারায়ণপুরে অবাধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
এদিকে গত ১২ অক্টোবর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় ইউএনও রাফিউল আলম বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অভিযোগ প্রসঙ্গে ইউএনও রাফিউল আলমের বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি। যতো দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসি
