‘ফুল নয়, চাই শিরোপা’

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:২৬

n নতুন মৌসুম শুরুর আগে জাতীয় দলের ক্যাম্প  n খেলোয়াড়দের দাবি ৪০% বেতন, চুক্তিপত্র

n দলবদল মৌসুমের ঘোষণা আগামী সপ্তাহে

স্পোর্টস রিপোর্টার

শেষ কোনো আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর একে একে ১০টি বছর কেটে গেছে। এরপর বড়জোর কোনো আসরের রানার্সআপ হয়েছে বাংলাদেশ ফুটবল। এ দুর্দশার নিরসন চান বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। তাই ফুটবলারদের জানালেন, যে কোনো মূল্যে আন্তর্জাতিক শিরোপা জিততে চান তিনি।

আসছে মৌসুমের দাবিদাওয়া নিয়ে বাফুফের সঙ্গে খেলোয়াড়দের বৈঠক হচ্ছে দফায় দফায়। সম্প্রতি বাফুফে নির্বাচনে জিতে চতুর্থবারের মতো সভাপতি হওয়ার পর গতকাল কাজী সালাউদ্দিনকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি আবারও নিজেদের চাহিদাগুলো তুলে ধরেন তারা।

বাফুফের সভাপতিও জাতীয় দলের খেলোয়াড়দের কাছে নিজের চাহিদার কথা জানিয়ে বলেন, ২০১০ এসএ গেমসে স্বর্ণজয়ের পর সৃষ্ট ট্রফি খরার অবসান চান তিনি।

এ ব্যাপারে বৈঠক শেষে জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলেন, ‘সালাহউদ্দিন সাহেব সভাপতি নির্বাচিত হওয়ার পরদিনই আমাদের এ কথা বলেছিলেন। আজকে আবারও বললেন, আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কিছু নেই। তোমাদের কাছে শিরোপা দিয়ে শুভেচ্ছা পেতে চাই।’

করোনায় থমকে আছে বিশ্বকাপ বাছাইপর্বের বাকি অংশ। এছাড়া সামনে আছে ফুটবলের নতুন মৌসুম। তা শুরুর আগে জাতীয় দলকে আলাদা ক্যাম্প করানোর কথা ভাবছেন বাফুফের সভাপতি।

আশরাফুল রানা জানান, জাতীয় দলের খেলোয়াড়দের লকডাউন-পূর্ব মানে ফেরত নেওয়ার জন্য নতুন মৌসুম শুরুর আগে ২০ নভেম্বরের দিকে একটা অনুশীলন ক্যাম্প হতে পারে।

ক্লাবগুলোর সঙ্গে বাফুফের সর্বশেষ আলোচনায় নতুন মৌসুমে খেলোয়াড়দের ২৫ শতাংশ বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে খেলোয়াড়েরা গতকালও ৪০ শতাংশ বেতনের দাবিতে অনড় ছিলেন। এ ব্যাপারেও বাফুফে সভাপতির আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন রানা।

বৈঠকে নতুন মৌসুম সামনে রেখে আগামী সপ্তাহে দলবদলের দিনক্ষণ ঘোষণা হবে বলেও জানানো হয়।