সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর সঙ্গে যৌথ উদ্যোগে 'পাবলিক প্লেসে নারীর নিরাপত্তা' বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এবং জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনলাইনে এই ক্যাম্পেইনের লঞ্চিং অনুষ্ঠিত হবে বলে জানায় সিআরআই-এর প্রতিষ্ঠান তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। এই ক্যাম্পেইনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা, নারী শিক্ষা ও সমঅধিকার নিশ্চিত করণসহ নারী ক্ষমতায়নের বিষয়ে দেশব্যাপী ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠানগুলো।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই নারী ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে ইয়াং বাংলা ও তার সংশ্লিষ্ট সংগঠনগুলো। ইউএনডিপি ও এনএইচআরসি'র সঙ্গে সম্মিলিতভাবে ইয়াং বাংলার এই ক্যাম্পেইনের লঞ্চিংয়ে উপস্থিত থাকবেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি ও কো-চেয়ারম্যান এবং ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এর দূত সায়মা ওয়াজেদ হোসেন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।
এ ছাড়াও অনলাইনের এই আলোচনা প্যানেলে আরো উপস্থিত থাকবেন- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক জুয়েনা আজিজ এবং আইজিপি ড. বেনজির আহমেদসহ ইয়াং বাংলা ও ইউএনডিপি’র তরুণ প্রতিনিধিগণ।
নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা। চলতি বছরের মার্চ মাসে ইউএনডিপি'র মানবাধিকার প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে নারীর নিরাপত্তা ও নারী ক্ষমতায়নে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছে তরুণদের সংগঠনটি। যার অংশ হিসেবে পরিচালনা করা হচ্ছে এই ক্যাম্পেইন।
নারীর ওপর নির্যাতন, যৌন নির্যাতন এবং হয়রানি বন্ধে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে জানায় ইয়াং বাংলা। এ বিষয়ে তরুণদের সংগঠনটি আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে বলেও জানায়।
ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়, নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে তরুণদের নেটওয়ার্ক ইয়াং বাংলা। প্রতিষ্ঠার শুরু থেকে নারী ক্ষমতায়নের জন্য সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্কশপ, সেমিনার, নাটক এবং বিভিন্ন আয়োজন করে আসছে ইয়াং বাংলা ও তার সঙ্গে সংশ্লিষ্ট তরুণদের সংগঠনগুলো। এরই অংশ হিসেবে আরো নব উদ্যমে ইউএনডিপিকে সঙ্গে নিয়ে কার্যক্রম পরিচালনা করব আমরা।
ইত্তেফাক/আরএ
