ক্ষমা চাইলেন কিম জং উন

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০০:৩০

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন বিশ্ব জুড়ে নির্মম শাসক এবং বিতর্কিত হিসাবে পরিচিত। কিন্তু এবার তাকে দেখা গেছে ভিন্ন মেজাজে। ফেলেছেন চোখের পানিও। গত শনিবার ছিল শাসক দল ওয়ার্কার্স পার্টির ৭৫তম বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজের মঞ্চে দেওয়া ভাষণে কিম বলেন, আমার উপর আকাশের মতো উঁচু এবং সমুদ্রের মতো গভীর বিশ্বাস রেখেছে দেশবাসী। কিন্তু আমি তাদের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছি। আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এ কথা বলার সময় নিজের চশমা খুলে চোখ মুছতে দেখা যায় কিমকে। জীবন বাজি রাখার জন্য সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান তিনি।

পূর্বপুরুষ ও ঐতিহ্যের কথা উল্লেখ করে কিম জং উন বলেন, কিম ২ সাং ও কিম জং ইলের উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে দেশের মানুষ আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে। কিন্তু আমি অত্যন্ত চেষ্টা করেও নাগরিকদের জীবনের সব অসুবিধা কমাতে পারিনি। আবেগময় বক্তৃতায় করোনার জেরে সারা বিশ্ব জুড়ে চ্যালেঞ্জিং সময়ের কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নেরর ইচ্ছাও প্রকাশ করেন কিম জং উন। -দ্য গার্ডিয়ান