আবারো ভিন্ন চরিত্রে

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:১০

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

জিনি ওয়েডস সানি। রোমান্টিক কমেডি ধাঁচের হিন্দি ছবিটি গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। আজকাল ওটিটিতে বলিউডি সিনেমা মুক্তির হিড়িক চলছে। প্রায় প্রতি সপ্তাহে নিত্য নতুন হিন্দি সিনেমা অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। যে সিনেমাগুলো মূলত প্রেক্ষাগৃহের বড় পর্দায় প্রদর্শনের জন্য তৈরি হয়ে বাক্সবন্দী হয়েছিল গত বেশ কয়েকমাস ধরে সেগুলো এখন নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ডিজনি হটস্টার, জি ফাইভ প্রভৃতি অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। ‘জিনি ওয়েড সানি’ ছবিটি নেটফ্লিক্সের মাধ্যমে ইতিমধ্যে বিশ্বের অনেক দর্শক দেখেছেন। দিল্লি শহরে বাস করা এক সুন্দরী স্মার্ট প্রাণবন্ত দিলখোলা হাসিখুশি চঞ্চল স্বভাবের তরুণীর প্রেম রোমান্স বিয়ে নিয়ে সৃষ্ট মজার ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে। ছবির গল্পে সেই পাঞ্জাবি তরুণী জিনির ভূমিকায় রূপদান করেছেন বলিউডের নতুন প্রজন্মের সুন্দরী তন্বী অভিনেত্রী ইয়ামি গৌতম। যাকে গোটা উপমহাদেশের ঘরে ঘরে সবাই চেনে ‘ফেয়ার অ্যান্ড লাভলি গার্ল’ হিসেবে। বহুলভাবে ব্যবহূত জনপ্রিয় প্রসাধনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিদিন অসংখ্যবার টিভির পর্দায় বিজ্ঞাপনে নানাভাবে হাজির হচ্ছেন তিনি গত বেশ কয়েক বছর ধরে। ফলে ইয়ামি গৌতম সবার কাছে অতি পরিচিত একটি মুখ হিসেবে গণ্য হচ্ছেন। ৩১ বছর বয়সী সুন্দরী এই তরুণী বলিউডে পা রেখেছেন ৮ বছর আগে। ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় তার অভিষেক। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন ইয়ামি। ‘ভিকি ডোনার’ ছবির বিরাট সাফল্য তাকে খ্যাতি, জনপ্রিয়তা এবং পরিচিতি এনে দিয়েছে। যদিও তার আগেই দক্ষিণী সিনেমায় তার ক্যারিয়ার শুরু হয়েছিল। এক সময় ছোট পর্দায়ও সিরিয়াল এবং টিভি শোতে কাজ করেছেন ইয়ামি। ‘ভিকি ডোনার’র মতো হিট ছবি দিয়ে বলিউডে পথচলা। শুরুর পর একে একে ‘অ্যাকশন জ্যাকসন’, ‘সানাম রে’, ‘জুনিয়াত’, ‘সরকার থ্রি’, ‘বাত্তি গুল মিটার চালু’, ‘বদলাপুর’, ‘কাবিল’, ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এর পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম, পাঞ্জাবি ছবি তো রয়েছেই। দক্ষিণী সিনেমায় কাজ করে বলিউডেও ব্যস্ত রেখেছেন তিনি নিজেকে সমানভাবে। হিমাচল প্রদেশের মেয়ে হলেও পাঞ্জাবের চন্দ্রিগড়ে বড় হয়েছেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। প্রশাসনিক ক্যাডার সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন ছিল। কিন্তু মাত্র বিশ বছর বয়সে চন্দ্রিগড় থেকে মুম্বাই এসেছিলেন কিছু একটা করার লক্ষ্য নিয়ে। শুরুতে ছোট পর্দায় কাজ করতে করতে দক্ষিণী সিনেমায় অভিনয়ের সুযোগ এসে যায়। তারপর ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে পথ চলা শুরু। ৮ বছর পার করে দিয়েছেন তিনি এর মধ্যে। অভিনীত ছবিগুলোতে বিচিত্র ধরনের চরিত্রে চমত্কার অভিনয়ের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে ইয়ামি এখন দর্শক সমালোচক নির্মাতা—সবার আস্থা অর্জন করেছেন। হালের ‘জিনি ওয়েডস সানি’ একজন ট্রিপিক্যাল পাঞ্জাবি মেয়ের চরিত্রে নিজের অভিনয় নিয়ে অনেকটাই খুশি তিনি। এ প্রসঙ্গে ইয়ামি বলেন, জিনি চরিত্রটি কারো অচেনা কিংবা অপরিচিত নয়, আমাদের চারপাশে তেমন অনেক মেয়ে রয়েছে। এ চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ মজাই লেগেছে। এখানে অভিনেতা বিক্রান্ত মেসিকে আমি বিপরীতে প্রথমবারের মতো নায়ক হিসেবে পেয়েছি। খুব সহজেই আমরা দু’জন পরস্পরকে আপন করে নিতে পেরেছিলাম। বিক্রান্ত বেশ খোলামেলা, হেল্পফুল। পর্দায় আমাদের দু’জনের রসায়ন দর্শক উপভোগ করবে সন্দেহ নেই।

‘ফেয়ার অ্যান্ড লাভলি’ বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ এই বলিউড অভিনেত্রী নিজের সুন্দর চেহারা নিয়ে শুধুমাত্র ‘গ্ল্যামার ডল’ হয়ে থাকতে রাজি নন। নিজেকে একজন ভার্সাটাইল অভিনেত্রী ভাবতে চান তিনি।