ফ য় জু ল আ ল আ মী ন
বাংলাদেশের শীর্ষ চিত্রশিল্পী মুর্তজা বশীরের প্রায় সত্তর বছরের শিল্পসাধনা নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন’ (Baseer: An Eloquent Mind) শীর্ষক প্রদর্শনী গত ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে। মুর্তজা বশীর বহু মাধ্যমে কাজ করেছেন। যেমন— ড্রইং, ছাপচিত্র, জলরং, তেলরং, মিশ্র মাধ্যম, ম্যুরাল। তবে তেলরঙেই তার সমধিক সিদ্ধি। তিনি দেয়াল, শহিদ-শিরোনাম, পাখা, রমণী, কলেমা তৈয়্যেবাসহ অনেকগুলো সার্থক চিত্রমালার শিল্পী। শক্তিশালী ড্রইং, রঙের সুমিত ব্যবহার এবং সমাজচেতনায় উদ্দীপিত দৃষ্টিভঙ্গি মুর্তজা বশীরকে দিয়েছে আশ্চর্য এক স্বাতন্ত্র্য।
চিত্রশিল্পের ভুবনে দৃপ্ত পদচারণার পাশাপাশি সাহিত্য ও ইতিহাস নিয়েও নিরলস গবেষণা করেছেন মুর্তজা বশীর। প্রদর্শনীতে চিঠিপত্র, স্কেচ, আলোকচিত্র, পোস্টার ও পেপার-কাটিংয়ের সংকলনের মধ্য দিয়ে তার গহন শিল্প-জিজ্ঞাসা, ইতিহাস সচেতনতা ও সমাজচিন্তার রূপরেখা তুলে ধরা হয়েছে।
‘মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন’ প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহ থেকে কিছু বিরল চিত্রকর্ম, ক্যাটালগ ও আলোকচিত্র।
প্রদর্শনী চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।
