ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারের উন্নয়নে কাজ করতে সরকারি সোনালি, রূপালি, অগ্রণী, জনতা ব্যাংকসহ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর প্রধান অর্থ কর্মকর্তারা (সিএফও) বৈঠক করেছেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিও উপস্থিত ছিলেন। গতকাল বুধবার জনতা ব্যাংকের সিএফও এ কে এম শরীয়ত উল্লাহর নেতৃত্বে ব্যাংকটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যাংক ও আইসিবির সিএফওরা শেয়ারবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এছাড়া বাজারের উন্নয়নে বিনিয়োগের ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। এর আগে গত ১১ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন সরকারি চার ব্যাংক ও আইসিবির সিএফওদের সঙ্গে বৈঠক করেন। শেয়ারবাজারে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঐ বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে বিনিয়োগ বাড়ানোর জন্য পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয় জনতা ব্যাংকের সিএফও এ কে এম শরীয়ত উল্লাহকে।
