নির্বাচক থাকছেন না মিসবাহ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:২৪

চাপ কমাতে প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ উল হক। তবে, তিনি পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে বহাল থাকবেন। তিনি নিজেই সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। মিসবাহর সিদ্ধান্ত আগামী এক ডিসেম্বর থেকে কার্যকর হবে। চলতি মাসেই দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজেও প্রধান নির্বাচকের দায়িত্বে বহাল থাকবেন মিসবাহ। তবে, এরপরই নতুন নির্বাচক নিয়োগ দিয়ে ফেলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিদ্ধান্ত জানিয়ে মিসবাহ বলেন, ‘গেল ১২ মাস আমি নিজের দ্বৈত ভূমিকা উপভোগ করেছি। এরপরের ২৪ মাসের চাপ আরো বেশি। তাই এখন আমি শুধু একটি ভূমিকাতেই থাকতে চাই। একটা দিকেই নিজের সব শক্তি ও মনোযোগ ব্যয় করতে চাই। কোচিং আমার প্যাশন। আমি চাই খেলোয়াড়দের উন্নতিতে ভূমিকা রাখতে।