পার্ট টাইম জবের বিজ্ঞাপন!

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:৪৮

এ বছর জানুয়ারিতে টিউশনি না থাকায় রাস্তার পাশে বিভিন্ন দেওয়ালে দেখতে পেলাম পার্ট টাইম জবের অনেক বিজ্ঞাপন। সেখানে ফোন দিয়ে তাদের কথামতো মোবাইল থেকে ম্যাসেজে পাঠিয়ে দিলাম শিক্ষাগত বিভিন্ন যোগ্যতা ও বর্তমান পেশা। কিছুক্ষণ পর তারা ফোন দিয়ে বলল যে আগামীকাল কাকরাইল মোড়ে এসে এই নাম্বারে ফোন দিতে। সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে, বেতন ১৪,৫০০ টাকা। কাজের ধরন সম্পর্কে জানতে চাওয়া হলে বলা হলো অফিসে এসে কাগজপত্র দেখার কথা। পরদিন সিভি নিয়ে চলে গেলাম কাকরাইল মোড়ে, কিন্তু ফোন দেওয়ার পর কেউ একজন বলে—আপনি কে, কোথা থেকে ফোন করছেন ইত্যাদি ইত্যাদি। তাদের দেওয়া পার্টটাইম জবের বিজ্ঞাপনের কথা বললে তারা অস্বীকার করে। এক পর্যায়ে তারা অকথ্য ভাষায় গালাগালিও করল। আমার মতো অনেক ছাত্র আছে, যারা ঢাকাতে এসে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য বিভিন্ন পার্টটাইম জবের খোঁজে থাকে। কিন্তু প্রায়ই তারা পড়ছে এরকম ধোঁকার কবলে। এই ধোঁকাবাজরা অনেককে বিভিন্নভাবে ফাঁদে ফেলে টাকা আদায় করে নেয়। তাই প্রশাসনের কাছে এই চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

সাইফুল ইসলাম ইহান

ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ