কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় গত দুই দিন গভীর রাতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পায়। লেকে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ে বিদ্যুত্ উত্পাদন বাড়ানো হয়েছে। পাঁচটি জেনারেটরের মধ্যে বর্তমানে ৩টি জেনারেটর বিদ্যুত্ উত্পাদনে সচল রয়েছে। এই তিনটি জেনারেটর থেকে ১২৩ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে বলে কর্ণফুলী পানি বিদুত্ কেন্দ্রের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
বিদ্যুত্ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকাল বুধবার কাপ্তাই লেকে পানি রয়েছে ১০২ ফুট মিন সি লেভেল (এম এস এল)। অবশ্য রুলকার্ভ অনুযায়ী লেকে এই মুহূর্তে ১০৭ ফুট এম এস এল পানি থাকার কথা। রুলকার্ভের চেয়ে লেকে এখনো পাঁচ ফুট পানি কম রয়েছে। সূত্র জানায়, এক সপ্তাহ আগেও কাপ্তাই লেকে পানির পরিমাণ ছিল ৯৫ ফুট এম এস এল-এর নিচে। লেকে পানি কম থাকায় তখন ৫টি জেনারেটরের মধ্যে মাত্র ১টি জেনারেটর বিদ্যুত্ উত্পাদনে সচল ছিল। তখন ঐ একটি জেনারেটর থেকে মাত্র ৪২ মেগাওয়াট বিদ্যুত্ উত্পন্ন হতো। লেকে পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুত্ উত্পাদনও বাড়ানো হয়।
কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের কাপ্তাই লেকে পানি বৃদ্ধি এবং বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্পাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।
