রাণীশংকৈলে পুকুর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৩:৫৯

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শিয়ালডাঙ্গি গ্রামের একটি পুকুর থেকে আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে এক মা ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন- আরিদা বেগম ( ৩২), আঁখি আকতার (১০) ও আরাফাত (৪)।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ধর্মগড়- শিয়ালডাঙ্গি গ্রামের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী আকবর আলি ভোর পাঁচটার দিকে উঠে দেখেন স্ত্রী ও সন্তানেরা ঘরে নেই। ব্যস্ত হয়ে সাইকেল নিয়ে তাদেরকে খুঁজতে বের হন। আশপাশে এবং পাশের ভরনিয়া বাজারে তার শ্বশুরবাড়িতেও তাদের না পেয়ে বাড়ি ফেরার পথেই পুকুর পাড় থেকে কুলি বাবুল সর্দারের ফোন পান। বাবুল ফোনে আকবরকে ঐ পুকুরে তার স্ত্রী, মেয়ে ও ছেলের লাশ ভাসছে বলে জানান।

পরে সিনিয়র পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল ও ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জাহিদ ইকবাল বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্ত সাপেক্ষে কারণ জানা যাবে।

ইত্তেফাক/এএম