ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলছাত্রীকে ধষর্েণর ঘটনায় গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে সোপর্দ করা হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিধবা নারী গণধর্ষণ মামলার প্রধান আসামি, নীলফামারীর কিশোরগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণে প্রভাষক ও রংপুরের বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাত্কারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফেনীতে আড়াই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভোলার চরফ্যাশনে যুবতি ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ব্রাহ্মণবাড়িয়া :আখাউড়া উপজেলার মিনারকোট গ্রামে পরিবারের সদস্যদের ঘুমের ওষুধ খাইয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে শাহাদাত হোসেন (৩৬) নামের ঐ ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। আটক শাহাদাত জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের লুত্ফুর রহমানের ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :আট দিন আগে পালাক্রমে গণধর্ষণের শিকার উপজেলার এক বিধবা নারী ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। দুই সন্তানের জননীর মামলার বিষয়টি জেলায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ৭ অক্টোবর রাতে পর্যায়ক্রমে ছয় জনে ঐ বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার উপজেলার নৈকাহন আখরপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আলী আকবরকে (৫০) গ্রেপ্তার করতে সক্ষম হয়। আলী আকবর ঐ এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জ (নীলফামারী) :উপজেলার নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক সৈয়দ পাপলু মিয়ার বিরুদ্ধে উক্ত প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা রংপুর জেলার তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে মামলার একমাত্র আসামি সৈয়দ পাপলু মিয়াকে রংপুরের পীরগঞ্জের কাঁটাদুয়ার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী :ফেনীতে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আবদুল্লাহ আল ফাহিম নামের এক কিশোর বুধবার সন্ধ্যায় শহরের নাজির রোডের সামছুদ্দিন ম্যানশনে শিশুটিকে ধর্ষণ করে। ফাহিম সম্পর্কে নির্যাতিতা শিশুটির সত্ভাই এবং ফেনী সেন্ট্রাল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
চরফ্যাশন (ভোলা) :চরফ্যাশনে বিয়ের প্রলোভনে এক যুবতিকে ধর্ষণের অভিযোগে মুদি ব্যবসায়ী জামালের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঐ যুবতি বাদী হয়ে জামালসহ তিন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ভুক্তভোগীর অভিযোগ, জিন্নাগড় ইউনিয়নের ফজলুর রহমানের ছেলে জামাল ঐ যুবতিকে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে তুলে একাধিকবার ধর্ষণ করে।
রংপুর :বদরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাত্কারের অভিযোগে ইসমাইল হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এই শিক্ষক বিভিন্ন সময়ে ছাত্রদের নির্যাতন, নিপীড়ন ও বলাত্কার করেছেন বলে আরো অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার ময়নাকুড়ি হলকার ঘর হাফেজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বলাত্কারের শিকার ছাত্রের বাবা বাদী হয়ে মামলা করেছেন। বুধবার আদালতের মাধ্যমে ঐ শিক্ষককে কারাগারে পাঠানো হয়।
তারাগঞ্জে বাসরঘরে
প্রেমিকার অনশন
এদিকে তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান :উপজেলার ফরিদাবাদে নববধূ নিয়ে বর বাড়িতে ঢুকতেই বাসরঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন প্রেমিকা। প্রেমিকার অভিযোগ শালিস বৈঠকে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণামূলকভাবে অন্যকে বিয়ে করে বাড়িতে এনেছে। এই বলে সে বাসরঘরে বিয়ের দাবিতে অনশন শুরু করে। পরে তাকে মারধর করে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে আহত প্রেমিকাকে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। এ ঘটনায় বুধবার রাতে নির্যাতিতা প্রেমিকা বাদী হয়ে প্রেমিক মাহমুদুলসহ ছয় জনকে আসামি করে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রাজশাহী : রাজশাহীতে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে প্রায় দুই মাস ধরে জেলে আছে মনিরুজ্জামান মান্না (২৯) নামের এক যুবক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে গত ৬ আগস্ট তার বিরুদ্ধে মামলা হয়। তবে মান্নার পরিবারের দাবি, মামলায় ধর্ষণের যে তারিখ উল্লেখ করা হয়েছে, ঐ সময় মান্না চিকিত্সার জন্য দেশের বাইরে ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে মান্নার পরিবার।
এদিকে নগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ হলদিবোনায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ সাইদুল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই দামকুড়া থানায় ধর্ষণ মামলা করলে বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে গোদাগাড়ীর বাড়ি থেকে গ্রেফতার করে। এদিকে ধর্ষিতা নারীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
