যুুক্তরাষ্ট্রে অধিক অর্থনৈতিক সাহায্য নিয়ে ধূম্রজাল

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৩০

 

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রভাব থেকে যুক্তরাষ্ট্রের খানা ও ব্যবসাসমূহ খুবই ধীরগতিতে বেরিয়ে আসছে, যে কারণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছে আরো কিছু বছর তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উত্তরণের জন্য সাহায্য অব্যাহত রাখবে। অধিকাংশ ফেডারেল রিজার্ভ নেতারা প্রত্যাশা করছেন, সুদের হার আরো অন্তত তিন বছর শূন্যের কাছাকাছি রাখা হবে। ফেডারেল সভাপতি জেরোস পাওয়েল জানিয়েছেন, অর্থনীতিতে বড় যে কোনো পরিবর্তন না আসলে সদস্যদের কেউই নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পক্ষপাতী নন। তিনি সতর্ক করে দিয়েছেন যে, আরো অধিক সরকারি ব্যয় ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতির ঘুরে দাঁড়ানো পুরোপুরি ঝুঁকির মুখে। গত মাসে নির্ধারিত মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সভা শেষে জেরোস পাওয়েলের দেওয়া বক্তব্যের সারমর্ম হচ্ছে, ব্যবসার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক সাহায্য ও করোনা ভাইরাসের দ্বারা শ্রমিকের প্রাপ্ত আঘাতের পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে; যে সুবাদে প্রত্যাশার চেয়ে আগে অর্থনৈতিক আরোগ্য লাভ কিছুতেই সম্ভব নয়।

তবে এ কথা ঠিক যে, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যদ্বাণীতে কিছু পরিবর্তন ঠিকই এসেছে। গত মাসের শেষ সেপ্টেম্বরে প্রকাশিত প্রাক্কলন থেকে জানা গেছে, ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা প্রত্যাশা করছেন যে, চলতি বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হবে ৩ দশমিক ৫ শতাংশ। অথচ জুন মাসে প্রত্যাশা করা হয়েছিল তা হবে ৬ দশমিক ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশা করেছিল, এ বছর শেষে বেকারত্বের হার ৭ দশমিক ৬ শতাংশ কমে আসবে, যা কি না আগের ধারণার চেয়ে কম। পাওয়েলের স্পষ্ট অভিমত, অর্থনীতির আগের অবস্থায় আসাটা হোঁচট খেতে পারে, যদি না রাজনীতিবিদরা অতিরিক্ত আর্থিক সাহায্যের অনুমোদন দেন। তার তথা, কখন ও কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং কোন কোন সূচিতে সেই অর্থ খরচ করা হবে এবং বিষয়ে রাজনীতিবিদরা পরিষ্কারভাবে কিছু বলছেন না। এতে করে নিশ্চিতভাবেই অর্থনীতির ফের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা যথেষ্টই থেকে যায়।

অস্বাভাবিক অর্থনীতি থেকে বেরিয়ে আসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কী চাচ্ছেন, তা আবার অনেকের কাছেই পরিষ্কার নয়। রিপাবলিকান আইন প্রণেতারাও অধিক সাহায্যের পক্ষপাতী কিন্তু ডেমোক্র্যাটরা যে পরিমাণ সাহায্য বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন, তারা এতটা বাড়ানোর পক্ষে নন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক টুইটে লিখেছেন, আমার দল অধিকতর সাহায্যের প্রশ্নে দ্বিমত পোষণ করছে না। তার মতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ‘অবিশ্বাস্যরকমের ভালো’ করছে। আসছে নভেম্বরের র্নির্বাচন উপলক্ষ্যে সব প্রচারাভিযানেই দেশের অর্থনীতির জন্য একের পর এক শুভ সংকেতের কথা জানানোর পর রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন। তবে মজার বিষয় হচ্ছে, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ ভোটার ট্রাম্প যেভাবে অর্থনীতির দেখভাল করছেন, সেটিকে সমর্থন করছেন। তার সঙ্গে আবার এটিও স্বীকার করছেন যে, করোনা প্রাদুর্ভাবের পর থেকে দেশের অর্থনীতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে।        —বিবিসির তথ্য অনুসরণে