বরিশালের হিজলায় নৌ পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। আহত দুই নৌ পুলিশ সদস্যকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালে মাছ শিকার ও অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত হিজলার মেঘনার আন্তরভাম এলাকায় এ ঘটনা ঘটে।
হিজলা নৌ থানার ওসি শেখ বেল্লাল হোসাইন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার এবং মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে রাত ১০টার দিকে তারা দেবুয়া-আন্তরভাম এলাকায় নৌ পুলিশের টিম রেখে আসলে ঐ টিমের সদস্যরা জেলেদের একটি নৌকাসহ দুই জেলেকে আটক করে। এ খবরে জেলেদের একটি বিশাল বাহিনী নৌ পুলিশের টিমের ওপর হামলা চালায়। এ সময় নৌ পুলিশের সদস্য মনিরুল ইসলাম এবং আবুজাফরকে আহত করে নদীতে ফেলে দিয়ে আটক দুই জেলেকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় হিজলা নৌ পুলিশের এএসআই পারভেজ বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান হিজলা নৌ পুলিশের ওসি শেখ বেল্লাল হোসাইন।
