জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে গতকাল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র’ বিষয়ক সেমিনারে বক্তারা বলেছেন , বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান চিরস্মরণীয়।
সেই ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শিল্পমন্ত্রী হিসেবে সংসদে বিল উপস্থাপন যেভাবে এ দেশে সরকারিভাবে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন , সেই পথ ধরে আজও চলচ্চিত্র এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুই প্রথম ১৯৭৩ সালে দেশে সরকারিভাবে ১০০টি সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন পর আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান, ফিল্মসিটি নির্মাণ ও এফডিসি সংস্কারসহ বিভিন্নভাবে সহযোগিতা করে এ শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বাচসাসের সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব কামরুন নাহার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী মৌসুমী, অভিনেতা ফেরদৌস প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত্। প্রধান আলোচক ছিলেন বাচসাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। সঞ্চালনায় ছিলেন বাচসাসের সহসাধারণ সম্পাদক রিমন মাহফুজ।
