হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী তৈরি পোশাক রফতানি পণ্য চালান ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে গতকাল শুক্রবার সকালে এগুলো জব্দ করা হয়। ৪৩৯টি কাটনের তিনটিতে সোয়েটারের পকেটে ইয়াবার প্যাকেটগুলো রাখা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান।
তিনি জানান, বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানের রপ্তানিকারক এম এস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ । ঠিকানা ব্যবহার করা হয়েছে খিলগাঁও পশ্চিমপাড়া। আর আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্ট, যেখানে ঠিকানা দেওয়া হয়েছে রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টার।
মারুফুর রহমান জানান, পণ্য চালানটি আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে ইয়াবার বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে ঢাকা মেট্রো (উত্তর) অতিরিক্ত পরিচালক মুকুল জৌতি চাকমা বলেন, এ ঘটনায় মালামাল লোডিং-আনলোডিংয়ের সাড়ে জড়িত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্ততি চলছে।
