সাদুল্লাপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৯:৪৭

গাইবান্ধার সাদুল্লাপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সাখাওয়াত হোসেন ওরফে পিচ্চি ছকু মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছকু মিয়া ওই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে ও ওই চক্রের গডফাদার নুর মোহাম্মদের শ্যালক।

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবির বলেন, পিচ্চি ছকু মিয়ার বিরুদ্ধে থানায় অস্ত্র, ব্রিটিশ আমলের জাল রূপার মুদ্রা ও আমেরিকার জাল ডলারসহ বিভিন্ন প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনার অন্তত ৭টি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার তাকে গ্রেফতার করা হয়। এ সময় পিচ্চি ছকু মিয়ার ঘরের ছাদের ওপর থেকে একটি ওয়ান শুটার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক জানান, এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
  
ইত্তেফাক/বিএএফ