প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলনে যাচ্ছে জাতীয় দল

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৪১

আসছেন কোচ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার

আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু করতে চায় বাফুফে। নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাফুফে প্রস্তাব দিয়েছিল। নেপাল মৌখিকভাবে সম্মতি দিলেও আনুষ্ঠানিক পত্র পাঠায়নি বলে বাফুফে জোর দিয়ে বলতে পারছে না। তবে নভেম্বরে ফিফার উইনডো ৭-১৭ নভেম্বর। এই সময়ে নেপাল ঢাকায় এসে ম্যাচ খেলবে। তবে সবকিছু নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর। তাদের সঙ্গে বাফুফে বৈঠক করবে। তারপর নেপাল বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে যাবে। এখন এক প্রকার চূড়ান্তই বলা যায়, তারপরও কোভিড-১৯-এর বিষয়টার কারণে নিশ্চিত হচ্ছে না সবকিছু। তবে বাফুফে জাতীয় দল নিয়ে কাজ শুরু করে দিয়েছে। নেপাল ফুটবল সংস্থা তার সরকারের সঙ্গেও কথা বলে ম্যাচের জন্য অনুমোদন নিয়ে রেখেছে। বাংলাদেশে এসে ম্যাচ খেলবে নেপাল। তাই কোয়ারেন্টাইনের বিষয় রয়েছে। সংরক্ষিত মাঠে অনুশীলন। এসব নিয়ে দুই দেশের ফুটবল কর্তাদের সঙ্গে কথা হবে। দুই দেশই মনে করছে সবকিছু ভালোভাবেই এগিয়ে যাবে। ম্যাচও হবে। কয়েক দিনের মধ্যে ম্যাচ দুটির তারিখও নির্ধারণ হয়ে যাবে। 

সাত থেকে ১০ দিনের মধ্যে অনুশীলন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে সঙ্গে ইংলিশ কোচ জেমিকে ঢাকায় আসার কথা বলা হয়েছে। জেমির সহকারী হিসেবে স্বদেশী ইংলিশ কোচ হোয়াটকিস থাকলেও দলে নেওয়া হয়নি ফিটনেস কোচ এবং গোলকিপিং কোচ। এই দুই পদের জন্য বেশ কিছু বায়োডাটা জমা রয়েছে ন্যাশনাল টিমস কমিটির হাতে। আপাতত নেওয়া হলে সেটি খণ্ডকালীন সময়ের জন্য নেওয়া হবে।