পাইকগাছার ছাত্রলীগ নেতা প্রান্তকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২৩:০০

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছার ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ছাত্রলীগ নেতার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় মাতম চলছে।

নিহত প্রান্ত ঘোষ (২৪) উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের অচিন্ত ঘোষের ছোট ছেলে। গত বুধবার রাতে গড়ইখালী থেকে নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। লস্করের উত্তর খড়িয়া গ্রামের সুকুমার ডাক্তারের বাড়ির মোড়ে বালুর ওপর স্থানীয় লোকজন আহত অবস্থায় দেখতে পায় তাকে। খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

প্রান্তর ভাই অনুপ কুমার ঘোষ জানিয়েছেন, তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা মেরেছে সেটা নিশ্চিত করে বলতে পারেননি। অনুপ জানিয়েছেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফি জানিয়েছেন, মৃত্যুর ব্যাপারে সঠিক  কোনো তথ্য এখনো জানা যায়নি। তবে গড়ইখালীর খালেক মোল্যার ছেলে দিদারুল মোল্যা ও তার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।