বিনোদন রিপোর্ট
‘শিরোনামহীন’ ছাড়ার পর অনেকেই ভেবেছিলেন তানযীর তুহিন হয়তো গানে অনিয়মিত হয়ে যাবেন। তবে তেমনটা হয়নি। পুরোনো ব্যান্ড ছাড়ার পর আবারো নতুন উদ্যমে শুরু করেছেন নিজের মিউজিক ক্যারিয়ার। গড়েছেন নতুন ব্যান্ড ‘আভাস’। এমনকি বিভিন্ন কনসার্ট করছে ব্যান্ডটি। গতবছর ‘মানুষ-১’ শিরোনামে একটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি। নতুন বছরে আবারো নতুন গান নিয়ে হাজির হবেন তারা। ব্যান্ডের নাম ‘আভাস’ শিরোনামেই নতুন গানের শিরোনাম রেখেছে ব্যান্ডটি। আগামী ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ‘আভাস’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে জানা যায়। এরইমধ্যে গানটির ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আরিফ। ভিডিওটি নির্মিত হয়েছে পুরান ঢাকায়।
গানটি প্রসঙ্গে তুহিন বলেন, ‘মিউজিক নিয়ে সবসময় ব্যস্ত থাকতে চাই। শ্রোতাদের জন্য ব্যান্ডের দ্বিতীয় গান প্রকাশ করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
