কুমিল্লায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকার কর ভবনের বিপরীতে গাঙচিল ভবনের দ্বিতীয় তলায় রবিবার থেকে এ কার্যক্রম শুরু হয়।
ভবনের নিচতলায় স্থাপন করা হয়েছে ইউক্যাশে ভিসার টাকা জমা দেওয়ার বুথ। প্রথম দিনে ৭৯টি ভিসার আবেদন জমা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা যায়, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ কমাতে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করে ভারতীয় হাইকমিশন।
এরই অংশ হিসেবে দেশের প্রাচীন জেলা কুমিল্লায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়। এ কেন্দ্রটি চালুর কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরবাসীর ভোগান্তি কমবে বলে মনে করছেন ভিসা প্রত্যাশীরা।
ভিসা সেন্টারের সুপারভাইজার জাসেদ হোসেন জানান, আনুষ্ঠানিকভাবে এ সেন্টার কখন উদ্বোধন হবে তা দূতাবাস কর্তৃপক্ষই জানে। আপাতত আমরা কর্তৃপক্ষের নির্দেশে কাজ শুরু করে দিয়েছি। প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে। আবেদন জমা দেওয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে। প্রথম দিনে ৭৯ জনের ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে।
আরো পড়ুন: ফেব্রুয়ারিতে ৪০ হাজার শিক্ষক নিয়োগ
ভিসার আবেদনকারী ফরহাদ হোসেনসহ বেশ কয়েকজন জানান, আগে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ৬ জেলার লোকজনকে চট্টগ্রাম কিংবা ঢাকায় গিয়ে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হতো। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। এখন কুমিল্লায় ভিসা আবেদন কেন্দ্র চালুর মধ্য দিয়ে এ অঞ্চলের ভিসা প্রত্যাশীদের আর ভোগান্তি পোহাতে হবে না।
ইত্তেফাক/জেডএইচ
