নিজ খরচে মাটির নিচে সংযোগ নেবে ইন্টারনেট ও ক্যাবল ব্যবসায়ীরা

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:২৩

ইন্টারনেট ও ক্যাবল টিভির ঝুলন্ত তার মাটির নিচে প্রতিস্থাপনে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আপাতত তার অপসারণের অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রোববার ডিএসসিসির নগর ভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আজ সোমবার থেকে আইএসপিএবি ও কোয়াব তাদের নিজ উদ্যোগে এসব ঝুলন্ত তার ভূগর্ভস্থ ব্যবস্থাপনায় নিয়ে যেতে কাজ শুরু করবে জানিয়ে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ধানমন্ডি এলাকা থেকে এই কার্যক্রম শুরু হবে। পুরো দক্ষিণ সিটিতে নভেম্বরের মধ্যে তারা এ কার্যক্রম বাস্তবায়ন করবে। তাদের এই কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। এ কাজে সম্পূর্ণ বিনা মূল্যে, বিনা খরচে তাদের রাস্তা প্রয়োজন হলে রাস্তা, ফুটপাত প্রয়োজন হলে ফুটপাত, নর্দমা প্রয়োজন হলে নর্দমা, অর্থাত্ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব অবকাঠামো ব্যবহার করার প্রয়োজন হবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেসব অবকাঠামো ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

মেয়র আরো বলেন, ‘তারা নিজ খরচে, নিজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে ওপরে ঝুলন্ত তার কেটে দেবেন। আর এটা আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন। সে কারণেই আমরা আজ থেকে আর তার কাটব না।’         আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, ‘সোমবার থেকেই আমরা ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচে সংযোগের কাজ শুরু করে দেব। আশা করি নভেম্বরের মধ্যেই পারব।’