চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি সদস্যের স্ত্রী ও শ্যালিকা নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:২৬

ইত্তেফাক ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যের স্ত্রী-শ্যালিকা নিহত হয়েছেন। এছাড়া ঐ বিজিবি সদস্য ও তার শিশু সন্তান আহত হয়েছেন। এছাড়া সড়কে আরো চার জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : সোনামসজিদ ওয়েব্রিজ এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যের স্ত্রী ও তার শ্যালিকা নিহত হয়েছেন। এ সময় ঐ বিজিবি সদস্য ও শিশুকন্যা আহত হয়েছেন। গতকাল শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের ওয়েব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাসুদেবপুর গ্রামের বিজিবি সদস্য মো. রজব আলীর স্ত্রী মাসফুয়া বেগম (২৫) ও শ্যালিকা সাথী খাতুন (১৫)। গতকাল বিজিবি সদস্য রজব আলী মোটরসাইকেলযোগে স্ত্রী, শ্যালিকা ও শিশু কন্যাকে নিয়ে সোনামসজিদ পার্কে ঘুরতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার চড়িয়াকোনা নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ স্মৃতি আক্তার (২০) নিহত ও তার শ্বশুর কুতুবউদ্দিন গুরুতর আহত হন। নিহত গৃহবধূ বাজিতপুর উপজেলার বিলপার-গজারিয়া গ্রামের মাসুম মিয়ার স্ত্রী।

সিংড়া (নাটোর) : সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছেন। গতকাল উপজেলার জামতলী, বামিহাল সড়কের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পিপুলশন গ্রামের দুদু প্রাং-এর পুত্র সবুজ (৩০) ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সুলতানের পুত্র গিয়াস (৩২)। ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটো ভ্যানের চাপায় মাহিম হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাহিম উপজেলার কর্ণসূতি বালুরচর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। গতকাল কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।