হবিগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৪২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল লোকের সংঘর্ষে মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ৫ দাঙ্গাবাজকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে রিপন মিয়ার সাথে একই এলাকার হিরা মিয়া মাস্টারের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি মামলাও রয়েছে। এদিকে, শনিবার বিকেলে রিপন মিয়ার আত্মীয় তোফাজ্জল এবং হিরা মিয়ার ছেলে আলমগীর স্থানীয় মাঠে ক্রিকেট খেলা নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। এ সুযোগকে কাজে লাগিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে। সংঘর্ষে আহত সুলতান আহমেদ (২০), মোতাব্বির হোসেন (৪৫), রিপন মিয়া (৩২)সহ ১০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পেটে টেঁটাবিদ্ধ অবস্থায় রিপন মিয়াকে সিলেট প্রেরণ করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।