রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনি সংলগ্ন কালিশংকর পাহাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৮টি কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় ঘরে রান্নার গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকর ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে রাঙ্গামাটি, কাউখালী ও কাপ্তাইয়ের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ছুটে আসে। এছাড়া স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭৮টি পরিবারের মাঝে ৩০ কেজি চাল, নগদ অর্থ, কম্বল ও শুকনো খাবার বিরতন করা হয়। এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।
সেনবাগে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম কমান্ডারের বাড়িতে রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। ঘটনাটি নিশ্চিত করে নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি জানান, তিনি খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
