বাগেরহাটের ফকিরহাট উপজেলার দাড়িয়া কাহারডাঙ্গা গ্রামে রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় স্বামী পরিত্যক্ত এক নারী (২৪) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আল আমিন বিশ্বাসকে (৩২) গ্রেফতার করেছে। আল আমিন বিশ্বাস একই গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে। ওই নারীর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার জামিলডাঙ্গা গ্রামে।
আরও পড়ুন: পূজার মণ্ডপ দর্শক শূন্য রাখার নির্দেশ ভারতীয় হাইকোর্টের
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খাইরুল আনাম জানান, পূর্ব পরিচয়ের সূত্রধরে নড়াইলের কালিয়া উপজেলার জামিলডাঙ্গা গ্রামের স্বামী পরিত্যক্ত ওই নারীকে (২৪) রবিবার বিকালে কাহারডাঙ্গা গ্রামের নিয়ে আসে আল আমিন বিশ্বাস। সন্ধ্যায় আল আমিন বিশ্বাস তার বাড়ির সুপারি বাগানে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে আল আমিন বিশ্বাসকে আসামি করে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর কাহারডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে আল আমিনকে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
