সিলেট অফিস
সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী সারোয়ার খানকে সড়কে চাপা দেওয়া বাসের চালককে গ্রেপ্তার করে বিচারের দাবিতে রবিবার দুপুরে শহরতলীর মেজরটিলা ইসলামপুরে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। গত বৃহস্পতিবার শহরতলীর ইসলামপুরে পর্যটকবাহী হানিফ পরিবহনের একটি বাস চাপা দিলে মোটরসাইকেল আরোহী সারোয়ার খান ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পরই ঘাতক বাস চালক পালিয়ে যায়।
মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল হাই জামালী, আল আমিন জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ, শাহপরাণ থানা ছাত্রলীগ, খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, সিলেট এমসি কলেজ, সরকারি কলেজ, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ, দেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ।
০
