ইত্তেফাক রিপোর্ট
সরকারের সংশোধিত শ্রম আইনের বিধিমালা সংশোধন ইস্যুতে ফের শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। বিধিমালা সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটি শ্রমিক প্রতিনিধিদের উপেক্ষা করে একতরফা এগিয়ে যাওয়ায় এ দূরত্ব তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঐ কমিটিতে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) প্রতিনিধি গতকাল এক সংবাদ সম্মেলনে কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রেসক্লাবে আইবিসি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত তিনটি সভায় তাদের প্রতিনিধি সালাউদ্দিন স্বপনকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি। তাদের উপেক্ষা করে তড়িঘড়ি করে ঐ সংশোধনী পাশ করতে চাইছে মন্ত্রণালয়। এতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইবিসির সভাপতি বদরুদ্দোজা নিজাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ। প্রসঙ্গত, আন্তর্জাতিক অঙ্গনে আইবিসির বেশ প্রভাব রয়েছে। ফলে শ্রম আইনের বিধিমালা সংশোধনে তাদের আপত্তি ভবিষ্যতে আইনটির যথাযথ বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
