ভারত শুধু বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, বিশ্বস্ত বন্ধুও বটে :স্পিকার

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৪৬

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাত্কালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করে স্পিকার বলেন, ভারত শুধু বাংলাদেশের নিকটতম প্রতিবেশিই নয়, বিশ্বস্ত বন্ধুও বটে। নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্কোন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ভারত যথেষ্ঠ গুরুত্ব দেয় উল্লেখ করে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার।

ভারতের হাইকমিশনার আরো বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সিপিএ ও আইপিইউর মতো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া সংসদ সদস্যদের পারস্পরিক সফর ও ভারতের লোকসভায় কর্মকর্তাদের প্রশিক্ষণ উভয় দেশের সংসদীয় গণতন্ত্রকে আরো সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ভারতীয় হাইকমিশনারকে তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।