পটুয়াখালীর রাঙ্গাবালীতে ধর্ষণচেষ্টায় যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, জয়পুরহাটে চার শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক এবং বরিশালের মেহেন্দিগঞ্জে তরুণী ধর্ষণকারী ও গৌর নদীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণের শিকার হয়েছে এক মাদ্রাসাশিক্ষার্থী, ফেনীর ফুলগাজীতে চাচার বিরুদ্ধে শিশু ভাতিজি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া যশোরের মনিরামপুরে দুই বোন ও ঝিনাইদহের মহেশপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। এ বিষয়ে ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
রাঙ্গাবালী (পটুয়াখালী) :উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে রবিবার মধ্যরাতে এক গৃহবধূকে ধর্ষণের দেড় মাসের মাথায় আবার ধর্ষণচেষ্টার অভিযোগে নবীন প্যাদা (৩৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন। রবিবার রাতে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দুই সন্তানের জননী ঐ গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে নবীন। এ সময় গৃহবধূর ডাক-চিত্কারে স্থানীয় লোকজন ছুটে এসে নবীনকে গণপিটুনি দিয়ে পরে পুলিশের কাছে সোপর্দ করে।
জয়পুরহাট :জয়পুরহাটে মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে রবিবার রাতে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদকে সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে গ্রেফতার ও কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সে মুজাহিদপুর গ্রামের নয়ামুদ্দিনের ছেলে এবং মুজাহিদপুর নুরানী মাদ্রাসার শিক্ষক।
বরিশাল :মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটের আন্ধারমানিক গ্রামের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. রাজিব ফকির (১৮) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার ভোরে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। রাজিব পার্শ্ববর্তী হিজলা থানার বাউশিয়া গ্রামের মো. হাচেন আলীর পুত্র।
গৌরনদী (বরিশাল) :অপহরণ করে ঢাকায় পাঁচ দিন আটকে রেখে উপজেলার বাকাই ইছাকুড়ি গ্রামের এক গৃহবধূকে (২১) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর মা রবিবার রাতে বাদী হয়ে মো. নাছির হাওলাদারসহ দুই জনের নাম উল্লেখ করে পাঁচ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে উপজেলার বাটাজোর গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সিরাজ বেপারীকে রবিবার ঢাকা থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত সিরাজ বেপারীকে গতকাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম :বাঁশখালীতে এক মাদ্রাসাশিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে আক্রান্ত শিক্ষার্থীর মা বাদী হয়ে গতকাল সোমবার থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোজাম্মেল হক (৫৫) পলাতক রয়েছেন। বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বর গ্রামে এ ঘটনা ঘটে।
পরশুরাম (ফেনী) :ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর গ্রামের শামসুল হুদা (৫০) নামের একজন ছোট ভাইয়ের ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শামসুল হুদা ঐ শিশুটিকে লালনপালন করতেন। রবিবার সন্ধ্যায় এ ঘটনায় ফুলগাজী থানায় ধর্ষিতার ফুপু বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
মনিরামপুর (যশোর) :শনিবার আবু দাউদ নামের এক কবিরাজের বিরুদ্ধে উপজেলার ইত্তাগ্রামের ঋষিপল্লির ভিক্ষুকের দুই মেয়েকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রবিবার মনিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ওসি রফিকুল জানান, খবর পেয়েই ঋষিপল্লির মেয়ে দুটিকে উদ্ধার করে থানায় আনা হয়। আবু দাউদ কবিরাজকে আটকের চেষ্টা চলছে।
মহেশপুর (ঝিনাইদহ) :উপজেলার শিবানন্দপুর গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। জানা যায়, ঐ গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফারুক হোসেন ও ফজলুর রহমানের ছেলে তরিকুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ফারুক ঘরের মধ্যে লুকিয়ে থাকে। পরে ঐ নারী ঘরে ঢুকলে ফারুক তাকে ধর্ষণের চেষ্টা করে। বিচারের আশ্বাসে দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখার পর রবিবার ঐ নারী বাদী হয়ে মহেশপুর থনায় মামলা করেন।
সোনাগাজীতে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন প্রেমিক
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা জানান :সোনাগাজীতে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের পর অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন প্রেমিক আরিফুল ইসলাম সাকিব। এ ঘটনায় গ্রেফতারের পর সাকিবকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। জানা যায়, সোনাগাজীর সুজাপুর এলাকার আল-হেলাল একাডেমির নবম শেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রতিবেশী সাকিবের। গত ২৮ আগস্ট বিয়ের প্রলোভনে ঐ ছাত্রীকে ধর্ষণ করে সাকিব। এরপর প্রতিপক্ষকে ফাঁসাতে প্রেমিকাকে কয়েক জনের নাম উল্লেখ করে একটি ভিডিও চিত্র ধারণ করে থানায় মামলা করতে বলে সাকিব। কিশোরী এতে অস্বীকৃতি জানালে সাকিব ভিডিও চিত্রটি নিয়ে কয়েক জন গণমাধ্যম কর্মীর দ্বারস্থ হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার থানায় মামলা করলে পুলিশ সাকিবকে গ্রেফতার করে।
সাভারে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টাকারী আটক
এদিকে স্টাফ রিপোর্টার, সাভার জানান :আশুলিয়ায় কিশোর গ্যাং কর্তৃক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী শাহাদাত হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার উপজেলার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গোয়াগাতি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে জানায় পুলিশ।
